এরশাদ সিএমএইচে রক্তে হিমোগ্লোবিন কিছুটা বেড়েছে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালেই (সিএমএইচ) রয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খবর নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার তাকে রক্ত দেওয়া হয়েছে। এতে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। গতকাল তাকে রক্ত দিতে হয়নি, সারাদিন তিনি স্বাভাবিক ছিলেন। পুত্র সাদ ও তার স্ত্রী গতকাল দুপুরে এরশাদকে দেখতে হাসপাতালে যান।

এ দিকে, এবারের নির্বাচনে এরশাদ ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা-ক্যান্টনমেন্ট) ও রংপুর-৩ আসনে প্রার্থী। তবে রংপুর-৩ আসনে আওয়ামী লীগ তাকে মহাজোটের একক প্রার্থী হিসেবে ছাড় দিলেও ঢাকা-১৭ উন্মুক্ত রেখেছে। ঢাকা-১৭ আসনে গতকাল আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন চলচ্চিত্র নায়ক গোলাম আকবর পাঠান ফারুক। জানা গেছে, ঢাকা-১৭ আসনটি ‘নৌকা’ ও ‘লাঙ্গল’ প্রতীকের জন্য উন্মুক্ত রাখায় হাসপাতালে সঙ্গে থাকা ব্যক্তিগত স্টাফদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন এরশাদ। উল্লেখ্য, নবম সংসদে এরশাদ ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।