ফুলবাড়ী সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে। বুধবার এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির নামে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে ফেনসিডিল নিয়ে দেশে প্রবেশের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে পুলিশ ফেনসিডিলগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এ এস আই আব্দুর রউফ জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
গোমস্তাপুর সীমান্তে
ফেনসিডিল জব্দ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে বুধবার ভোরে ৫৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ হাসান জানান, চাড়ালডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী বড়োবিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ করে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মামলা হয়েছে।
