বিএনপিকে জেতানো যেন আওয়ামী লীগের দায় পড়ে গেছে —মেনন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝেই বিএনপি এখন বর্জনের আগাম অজুহাত খুঁজছে। বিএনপির কথা শুনে মনে হচ্ছে তাদের ভোটে জিতিয়ে দেওয়াটা যেন এখন আওয়ামী লীগের দায় পড়ে গেছে। গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মেনন বলেন, বিএনপি ভেবেছিল ড. কামাল হোসেনদের পিঠে ভর দিলেই দেশের মানুষ তাদের দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আগুন সন্ত্রাসসহ সব নৈরাজ্য, অপরাজনীতির কথা ভুলে যাবে। কিন্তু তাদের হতাশায় ডুবিয়ে দিয়ে দেশের মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের কথা বলছে, নৌকার জয়ের কথা বলছে। আর যখনই তাদের বিস্ময়ের ঘোর কাটতে শুরু করেছে তখনই তারা নির্বাচন কমিশনকে দোষারোপ করে নির্বাচন বাতিলের পাঁয়তারা চালাচ্ছে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু প্রমুখ।