চট্টগ্রাম বন্দরের জলসীমায় জাহাজে চুরির ঘটনা এখন শূন্যের কোটায় ---------- কোস্ট গার্ড

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৮

বাংলাদেশ জলসীমায় পণ্যবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজে চুরি ও দস্যুতার ঘটনা শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। গতকাল বাংলাদেশ কোস্ট গার্ড (পূর্ব জোন) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক বছরে বাংলাদেশে অবস্থান করা বিদেশি জাহাজগুলোতে কোনো ধরনের চুরি ও দস্যুতার ঘটনা ঘটেনি। বাণিজ্যিক জাহাজে সংঘটিত সশস্ত্র ডাকাতি, দস্যুতা ও চুরি প্রতিরোধে বিভিন্ন সংঘটিত অপরাধ সংক্রান্ত ঘটনাসমূহ সংগ্রহ, সংকলন ও প্রচার করার আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো, পাইরেসি রিপোর্টিং সেন্টার এবং রিক্যাপের ২০১৯ সালের প্রতিবেদনসমূহে উক্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় চুরি ও দস্যুতার ঘটনা রোধ করা সম্ভব হয়েছে। জাহাজ নোঙ্গরে থাকাবস্থায় বন্দরের রেজিস্টার্ড ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।