চড় থাপ্পড়ের প্রতিশোধ নিতে মালিকের ছেলেকে হত্যা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

রূপগঞ্জের ইট ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ৬ বছরের ছেলে সিয়ামের হত্যাকারীকে গ্রেফতার করেছে র্যাব। সিয়ামকে হত্যার কিছুদিন আগে মিঠু মোফাজ্জল হোসেনের ইট বিক্রির প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিল। কিন্তু একদিন অন্য এক শ্রমিকের সাথে ঝগড়া করায় মোফাজ্জল মিঠুকে চড়-থাপ্পড় দিলে তার প্রতিশোধ নিতেই সে শিশু সিয়ামকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধবপুর থেকে মিঠুকে গ্রেফতার করে র্যাব-১। সিয়ামের মৃতদেহ আজও খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর ক্রাইম প্রিভেশন কোম্পানি-৩ এর কমান্ডার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

গ্রেফতারের পর মিঠু জানায়, গত ১৩ সেপ্টেম্বর সিয়ামকে নিয়ে মিঠু রূপগঞ্জের কাঞ্চনব্রিজে বেড়াতে যায়। সন্ধ্যার সময় কথা বলার ফাঁকে ব্রিজের রেলিংয়ে বসা সিয়ামকে ধাক্কা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। এ ঘটনার পর মিঠু পালিয়ে রূপগঞ্জের গন্ধবপুরে নিজ বাড়িতে চলে যায়। সিয়াম নিখোঁজের ঘটনা জানাজানি হলে মিঠু ও তার পরিবারের সদস্যরাও বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঐ ঘটনার কয়েক দিন পর মিঠু ফোন করে বলে, ‘তোর ছেলেকে নদীতে ফেলে দিয়েছি।’ পরে ১৭ সেপ্টেম্বর সিয়ামের বাবা-মা থানায় অপহরণের অভিযোগ করেন।