প্রথম ইনিংসের স্কোরটা ৪০০ হয়তো ছাড়ায়নি। তারপরও খুলনায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ এইচপি দল। শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিকরা, এটুকু বললে অত্যুক্তি হবে না।
গতকাল দ্বিতীয় দিন শেষে ২৫৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ এইচপি দল। গতকাল সকালে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৬০ রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কান এইচপি দল। ৩৮ ওভার ব্যাট করে চার উইকেটে ১০১ রান তুলেছে সফরকারীরা। মধুওয়ান্তা ২১ ও বান্দারা ২৩ রানে অপরাজিত রয়েছেন।
ম্যাচের প্রথম দিনে চার উইকেটে ২৩৩ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। গতকাল শেষ ছয় উইকেটে আরো ১২৭ রান যোগ করতে সমর্থ হয় স্বাগতিকরা। বাংলাদেশের অধিনায়ক ও সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এদিন সাত রান যোগ করেই আউট হন। তিনি ১৩৩ রানের (১৩ চার, এক ছয়) ইনিংস খেলেন। অপরপ্রান্তে জাকির হাসান বেশ ভালোই ব্যাটিং করেছেন। এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হলেও তার ব্যাটিং ও নাঈম হাসানের ব্যাটিং দৃঢ়তায় ৩০০ পার হয় বাংলাদেশের স্কোর। সপ্তম উইকেটে জাকির ও নাঈম হাসান ৫৮ রানের জুটি গড়েন।
শান্তর বিদায়ের পর দ্রুত ফিরে যান মাহিদুল ইসলাম অঙ্কন (চার)। তারপর জাকির, নাঈমের ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশের স্কোর। জাকির ৪৯, নাঈম হাসান ৩৬ রান করেন। লোয়ার অর্ডারে ইয়াসিন আরাফাত মিশু ১২, তানভির ইসলাম অপরাজিত ১৬ রান করেন। শফিকুল ইসলাম (এক) আউট হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে মেন্ডিস চারটি, পেরেরা-ফার্নান্দো দুটি করে এবং পেইরিস একটি করে উইকেট পান।
বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসানের ঘূর্ণি তোপে সফরকারীদের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি। গতকাল বিকালে আউট হওয়া চার লঙ্কান ব্যাটসম্যানই নাঈমের শিকার হন। ইনিংসের ষষ্ঠ ওভারে নিশাঙ্কাকে আউট করে শিকার কাব্য শুরু করেন নাঈম। নিশাঙ্কা ১৫ রান করেন। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। ৫৯ রানে হারিয়ে বসে চার উইকেট।
দলীয় ২৬ রানে সাঙ্গীথ কুরে ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দেন। তিনি পাঁচ রান করেন। মিনোড বানুকা ১১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন। নাঈমের চতুর্থ শিকার হন চারিথ আসালঙ্কা। ১৮ রান করে আসালঙ্কা নাঈম শেখের হাতে ধরা পড়েন। পঞ্চম উইকেটে অনেকটা প্রতিরোধ গড়েছেন দুই লঙ্কান মধুওয়ান্তা ও বান্দারা। তারা ৪২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। পরে আর বিপদ হতে দেননি তারা। অবিচ্ছিন্ন থেকেই দিনের খেলা শেষ করেছেন। বাংলাদেশের পক্ষে নাঈম হাসান ৩১ রানে চারটি উইকেট পান।
আজ তৃতীয় দিনে লঙ্কানদের প্রথম ইনিংস যত দ্রুত শেষ হবে, ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ ততই দৃঢ় হবে।
