একসময় বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্ট্যাফে ছিলো শ্রীলঙ্কান আধিপত্য। হঠাত্ করে সেই যুগ শেষ হয়ে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকান যুগ। এরই মধ্যে জাতীয় দলের সঙ্গে থাকা চার দক্ষিণ আফ্রিকানের সঙ্গে যোগ দিচ্ছেন আরো একজন—ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। ক্যালেফাতো অবশ্য শুধু দক্ষিণ আফ্রিকান নন, তিনি ইতালিয়ান বংশোদ্ভূত বলে সেই দেশটিরও নাগরিক। আর এই অভিজ্ঞ মানুষটিকেই জাতীয় দলের নতুন ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের সিরিজ শুরুর আগেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবি তার সঙ্গে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদি চুক্তি করতে যাচ্ছে।
গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফিজিও তিহান চন্দ্রমোহনের চুক্তি নবায়ন করেনি বিসিবি। ক্যালেফাতোর নিয়োগের খবর নিশ্চিত করে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ক্যালেফাতো তার সঙ্গে করে ক্রীড়া ফিজিওথেরাপিতে ব্যাপক বিশেষায়িত জ্ঞান নিয়ে আসছেন। তাকে আমরা জাতীয় দলের সেটআপে স্বাগত জানাই।’
ক্যালেফাতো এর আগে কখনো কোনো জাতীয় দলে কাজ করেননি। তবে তিনি গ্লুস্টারশায়ার, ডার্বিশায়ার, ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরার ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ফিজিওথেরাপিস্ট এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন। তিনি সেইলিং, রাগবি ইউনিয়ন, আইস হকিতেও কাজ করেছেন।
