বিশ্বকাপের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন ফরহাদ রেজা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছিলেন। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার সফরের দলেও সুযোগ পেয়েছিলেন ফরহাদ রেজা। এ যাত্রাও তিন ম্যাচ সাইড বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডারের।
দুই সিরিজ ধরে জাতীয় দলের সঙ্গে থাকা ফরহাদ রেজা এখন আসন্ন হোম সিরিজের প্রাথমিক দলেও রয়েছেন। মিরপুর স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন করছেন অন্য ক্রিকেটারদের সঙ্গে। আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট দলে ফরহাদ রেজার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে টি-২০ ফরম্যাটে এখনো নির্বাচকদের সমীকরণে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শেষ পর্যন্ত ত্রিদেশীয় টি-২০ সিরিজের দলে তার জায়গা হয় কিনা তা সময়ই বলে দিবে।
তবে রাজশাহীর এই ক্রিকেটারের আকুতি অবশ্য সুযোগ পাওয়ার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন। এবার সেই ধারাবাহিকতার অনুবাদ তিনি করে দেখাতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। চাইছেন ম্যাচ খেলার সুযোগ।
গতকাল অনুশীলন শেষে ফরহাদ রেজা বলেছেন, ‘আমি অনেকদিন ধরে বাইরে আছি। আমাকে তো আগে খেলতে হবে। যেহেতু আমি অনেক দিন পিছিয়ে আছি। কিন্তু আমি ক্রিকেটই খেলেছি। এই জায়গায় তো ক্রিকেটই খেলবো। আমি যদি ক্রিকেট খেলতে পারি। আমাকে তো প্রমাণের জায়গা দিতে হবে। জায়গা পাওয়াটা আমার হাতে না। আমার কাজ পারফর্ম করা, ভালো খেলার চেষ্টা করা। তাও যদি না হয়, তা আমার হাতে না।’
ঘরোয়া ক্রিকেটের সাফল্যের স্বরূপটা আন্তর্জাতিকেও তুলে ধরতে চান ফরহাদ রেজা। নিজের অভিজ্ঞতার ব্যবহারও দেখাতে চান তিনি।
ম্যাচ না খেলতে পারলেও জাতীয় দলের সঙ্গে থেকে প্রতিনিয়ত শিখছেন বলে দাবি করেছেন ফরহাদ রেজা। ৩৩ বছর বয়সি এই অলরাউন্ডার বলেছেন, ‘শেখার শেষ নেই। আমি চেষ্টা করছি দিন দিন উন্নতি করার জন্য। আমি নিজেকে প্রস্তুত রাখছি। আমি এখন ক্রিকেট খেলছি দুই জনের জন্য আমার মা এবং আরেকজনের জন্য আমি নাম বলবো না। তারা সবসময় আমার জন্য অপেক্ষা করছে। কখনো ম্যাচ খেললে সবচেয়ে খুশি হবে ওরা। সেজন্য আমি তৈরি থাকছি।’
বয়স ৩৩ হয়ে গেলেও তরুণদের মতোই ফিট ফরহাদ রেজা। ফিটনেসের গুরুত্ব নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘তুষার দাকে (বিসিবির ট্রেনার) ধন্যবাদ, জয় এবং বায়েজিদ (বিসিবির ফিজিও)। আজকে পাঁচ বছর পর আমি এখানে দাঁড়িয়ে আছি। তারা আমার সঙ্গে কাজ করছে। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। মুশফিক ব্যাটিং করছে। কেউ রানিং করছে। এখন সবাই বুঝে গেছে আপনি যদি ফিটনেস ধরে রাখেন তবে অনেকদিন খেলতে পারবেন।’
গতকাল অনুশীলনে পুরাতন বলে বোলিং করেছেন ফরহাদ রেজা। নতুন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের পরামর্শ অনুযায়ী গতকাল সব পেসাররাই পুরাতন বলে বোলিং করেছেন। এবং সবার প্রতি কোচের আহ্বান ছিল, এক জায়গায় টানা বোলিং করে যাওয়ার চেষ্টা করতে।
তিন ফরম্যাটের মধ্যে টি-২০ কেই বেশি পছন্দ করেন ফরহাদ রেজা। ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণই বেশি উপভোগ করেন তিনি। গতকাল বলেছেন, ‘আমার টি-২০, ওয়ানডে আমার পছন্দের খেলা। যেটাই হয় ক্রিকেট তো খেলতেই হবে। আমি অবশ্যই টি-২০ উপভোগ করি কারণ ঐটা আমার ধাঁচে যায়। আমি যেমন খেলছি একবছর, আমার জাতীয় লিগ, বিসিএল দেখবেন সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গিয়েছি। এটা একটা সমস্যা হয়ে গিয়েছে। পারফর্ম করেছি সব জায়গায়, যেটাই খেলি ভালো খেলার চেষ্টা করব।’
