বছর পাঁচেক আগে এরকমই মাথায় বাউন্সারের আঘাত পেয়ে মারা গিয়েছিলেন ফিল হিউজ। শেফিল্ড শিল্ডের সেই ম্যাচে ছিলেন না স্টিভেন স্মিথ। কিন্তু দুনিয়ার আর সব ক্রিকেটারের মতো চিরতরে মাথায় ঢুকে গিয়েছিল সতীর্থ এই খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা। ফলে লর্ডসে জোফরা আর্চারের বাউন্সারে যখন লুটিয়ে পড়লেন, তখন প্রথমেই মাথায় এসেছিল হিউজের সেই ঘটনা। সুস্থ হয়ে সাংবাদিকদের সামনে ফেরার পর স্মিথ বলছিলেন, ‘তখন আমার মাথায় কয়েকটা ব্যাপার ঘুরছিল। বিশেষ করে আমার যে জায়গায় আঘাত লেগেছিল, তাতে অতীত যেন ফিরে এসেছিল। বুঝতেই পারছেন, আমি কয়েক বছর আগের সেই ঘটনার কথা বলছি। এরপর আমি নিজেকে বললাম, আমি ঠিক আছি।’ আঘাত সামলে আরেকটু সময় ব্যাট করলে পরে অবশ্য চেতনা হারিয়ে ফেলেছিলেন স্মিথ। যার ফলে ঐ টেস্ট এবং পরের টেস্ট আর খেলা হয়নি তার।
