সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে বাঁচা মরার লড়াই আজ

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২৪

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই। ভারতের কল্যাণী স্টেডিয়ামে বিকাল তিনটায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা ফেভারিট ভারতের বিপক্ষে লড়াই করবেন। এই ম্যাচ জিতলে বাংলাদেশ ফাইনালে উঠে যাবে। তবে এই ম্যাচের আগে একই মাঠে নেপাল ও ভুটানের ম্যাচ রয়েছে।

প্রথম দুই ম্যাচে বড় জয়ের পর ফাইনালের পথেই ছিলো বাংলাদেশ। কিন্তু গত মঙ্গলবার নেপালের বিপক্ষে ৪-১ গোলে হারের পর কঠিন এক সমীকরণে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তিন ম্যাচে সমান ছয় পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ ও নেপাল। গোলগড়ে অবশ্য বাংলাদেশ থেকে পিছিয়েই আছে নেপাল। আজ নেপাল ভুটানের বিপক্ষে জিতে গেলে ভারতের বিপক্ষে বাংলাদেশের সামনে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। তাই নেপালের ম্যাচটির উপর বাংলাদেশের অনেক কিছু নির্ভর করছে। শেষ তিন ম্যাচে ১৭ গোল করেছে ভারত। তাদের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না রাকিবুলদের জন্য। ম্যাচটিকে সামনে রেখে কোচ সাবেক তারকা ডিফেন্ডার পারভেজ বাবু জানালেন নতুন কৌশলে খেলতে হবে। তিনি বলেন, ‘ভারত বেশ শক্তিশালী দল কিন্তু তাদের মুখোমুখি হবার আগে নতুন কৌশল খুঁজে বের করতে হবে আমাদের।’