সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশকে উত্সাহিত করতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পেশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে বাংলাদেশকে উত্সাহিত করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সংসদ সদস্য উইলিয়াম আর কিটিং। গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসে তার দেওয়া এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়েছে। এরপর প্রস্তাবটি বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছে।

প্রস্তাবে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, নির্বাচনের সময়ে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সব ধর্মের লোকদের মধ্যে সম্প্রীতি নিশ্চিত করার ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধকে যেন সরকার রক্ষা করে। সব রাজনীতিবিদ এবং বিচারিক কর্তৃপক্ষ যেন বাংলাদেশের ভোটারদের ইচ্ছাকে সম্মান জানায় এবং বাংলাদেশিরা যেন স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার জন্যেও প্রস্তাবটিতে আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং উগ্র মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে প্রস্তাবে আহ্বান জানানো হয়েছে।