ব্রুনেই দূতাবাসে কর্মী নির্যাতনের ঘটনায় ব্যবস্থা হচ্ছে

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২৫

ব্রুনেইতে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী কর্মীদের নির্যাতনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২১ আগস্ট ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নজরে এসেছে। দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিতে মন্ত্রণালয় উক্ত ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গত ২১ আগস্ট নির্যাতনের একটি ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, যাতে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল রশিদের সামনে প্রবাসী এক কর্মীকে কিল-ঘুসি এমনকি লাথি মারতে দেখা যায়। এ ধরনের আরো ঘটনা ঐ দূতাবাসের শ্রম বিভাগের কর্মীরা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।