‘বঙ্গবন্ধুর খুনিরা মুক্তিযুদ্ধের চেতনা ধূলিস্যাত্ করেছিল’

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২৬

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে খুনিরা স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিস্যাত্ করেছিল। খুনিদের ধারণা ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে তার পরিবারের কোনো সদস্য এদেশের নেতৃত্বে ফিরে আসতে পারবে না এবং স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাও ফিরে আসবে না। জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়ামে গতকাল জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা।

প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকারী ও পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি রায় কার্যকর করা ও এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করে বিচার করতে হবে।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন আইনজীবী অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, নার্গিস রহমান, হোসনে আরা, জান্নাতুল বাকিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব কামরুন নাহার।

এর আগে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন। অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ বেগম শামসুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান ও পারভীন জামান কল্পনা প্রমুখ।