হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্তকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একইসঙ্গে কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ থাকলে তাকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমিতি।
গতকাল বুধবার সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের আরো কয়েক জন বিচারপতির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যায়। বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখার জন্য এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।
এছাড়া সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রধান বিচারপতি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেন সমিতির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গুরুতর অসদাচরণের অভিযোগে হাইকোর্টের তিন বিচারক বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী রেজা-উল হককে বিচারকাজ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সিদ্ধান্ত নেন বলে জানায় সুপ্রিম কোর্ট।
