ডেঙ্গুতে মারা গেছেন আরো তিন জন, নতুন রোগী ১১৫৭

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২২:০৪

সারাদেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ১ হাজার ১৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সংখ্যা আগের দিনের তুলনায় ১১ শতাংশ কম। আর এ সংখ্যাটি গত এক মাসে সবচেয়ে কম। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৯৯ জন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার আরো তিন জন মারা গেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জের আরিফুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ময়মনসিংহের ত্রিশালউপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাফিজুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুরের শাহিদা বেগম (৫০) নামের এক নারী চিকিত্সাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। শাহিদা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

ডেঙ্গুতে মৃত্যুর মিছিল এখনো না থামলেও এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেশ কমেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যত রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই সংখ্যাটি গত এক মাসে সবচেয়ে কম। ৩০ দিন আগে ৩০ জুলাই ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৩৮২ জন। তারপর মাস জুড়ে বুধবারই রোগী ভর্তির সংখ্যা ছিল সবচেয়ে কম।

‘স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে মশা নিধন টিমের

 ঢুকতে না পারা দুঃখজনক’

এডিস মশার লার্ভা নিধনে চলমান অভিযানে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে না পারার বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানান তিনি। বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিচ্ছন্নতা অভিযানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল এ তথ্য জানান।