রাজনীতিতে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া ছাড়া বিএনপির উপায় নেই :কাদের

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২২:০৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাজনীতিতে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই। অপরাধের শৃঙ্খলে আবদ্ধ হয়ে বিএনপি তাই ক্রমেই ষড়ন্ত্রের পথ বেছে নিচ্ছে। এতে তারা আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, বিদেশি কিছু এনজিও মিয়ানমারের পক্ষ হয়ে রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে।

বিদেশি এনজিও মধ্যে পাকিস্তানপন্থিও আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন রোহিঙ্গাদের নিয়ে নানান খেলা খেলছে। পরোক্ষভাবে বিদেশি কিছু এনজিও ষড়যন্ত্র করছে। মিয়ানমারকে সহযোগিতা করছে। আর রোহিঙ্গাদের নিয়ে দেশের অভ্যন্তরে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে রোহিঙ্গা ইস্যুকে তারা সর্বশেষ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, রাজনীতিতে আপনারা বেপরোয়া হয়ে যান, পথহারা পথিকের মতো দিশাহারা হয়ে যান, আপন বিশ্বাসঘাতকতায় আপন বলির শৃঙ্খলের কাছে বাধা পেয়ে যান। সেজন্য আপনাদের মুখ দিয়ে দায় এড়ানোর যেসব বক্তব্য আসে ইতিহাসের আদালতে প্রমাণ হয়ে গেছে।

শুধু মৌসুমি আয়োজন করে ডেঙ্গুর বিস্তার রোধ করা যাবে না উল্লেখ করে মঞ্চে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রীকে সামনে রেখে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এটা মনে করার কোনো কারণ নেই। স্বাস্থমন্ত্রীকে বলব, সারা বছরের প্রস্তুতি রাখতে হবে। মৌসুমি আয়োজন দিয়ে ডেঙ্গুর বিস্তার রোধ করা যাবে না। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এসব রোগ বাংলাদেশে শুরু হয়েছে, চলবে। দিনক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন  নেই। স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিব) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএর  মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিবের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ এর উপ-উপাচার্য্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, ডা. মো. আতিকুর রহমান প্রমুখ।