বরিশাল মেট্রোপলিটন পুলিশ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত দেড়টা থেকে গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রাম এবং নগরীর জর্ডন রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, হাজী মাকসুদুল আলম নান্টু ও ইমদাদুল হক রাজন কাজী। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
মো. শাহাবুদ্দিন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার মাদক ব্যবসায়ী নান্টুর ওপর গোয়েন্দা নজরদারি রাখছিলেন পুলিশ। মঙ্গলবার পুলিশ জানতে পারেন নান্টু ইয়াবার একটি বড়ো চালানসহ তার গ্রামের বাড়ি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে অবস্থান করছেন। পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে নান্টুকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বরিশাল নগরীর জর্ডন রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে কাঠালিয়ার আওড়াবুনিয়া গ্রামের কাজী মো. শাহীনের ছেলে রাজন কাজীকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় তাদের সহযোগী জাহিদ ও সজল পালিয়ে যায়। এ ঘটনায় মূল হোতাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, নান্টু ১৯৯৫ সালে বিএম কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ১০ বছর কারাভোগ করেন।
