বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান করতে হলে সরকারকে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারের ফাঁদে পা দিয়েছে সরকার। মিয়ানমার সরকার তাদের পররাষ্ট্রনীতিতে সব সময় অটল থেকেছে, কিন্তু বাংলাদেশ অটল থাকতে ব্যর্থ হয়েছে। এসময় রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। রোহিঙ্গা ইস্যুটি এখন বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান করা এককভাবে বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না। একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে।
গতকাল বুধবার বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই গোলটেবিল বৈঠক হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মইন খান, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সাবেক সচিব এ এইচ এম মোফাজ্জল করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. দিলারা চৌধুরী ও অধ্যাপক সুকোমল বড়ুয়া বক্তব্য রাখেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকারকে ১০ দফা সুপারিশ পেশ করে বিএনপি।
বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, পাকিস্তান, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, আফগানিস্তান, তুরস্ক, জাতিসংঘ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রভৃতি দেশের কূটনীতিকেরা গোলাটেবিলে অংশ নেন। তবে বিদেশি কূটনীতিকেরা আলোচনায় কোনো বক্তব্য রাখেননি। তারা আলোচকদের বক্তব্য নোট করেন।
