ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরীর বড়বাড়ি বাসস্ট্যান্ড মোড় থেকে আক্কাস মার্কেট পর্যন্ত ‘জয়বাংলা সড়কটি ভেঙেচুরে বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবেই সিটি করপোরেশনের আওতাধীন সড়কটির এই দশা। সড়কটি দিয়ে যানবাহন চলাচল যেমন দুষ্কর হয়ে পড়েছে; তেমনি এলাকাবাসীর পায়ে হেঁটে চলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। তখন গর্তগুলোও আর দেখা যায় না। ফলে জলাবদ্ধ সড়কে চলাচল আরো কঠিন হয়ে পড়ে। গর্তে চাকা আটকে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন যানবাহন। এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।
এদিকে পার্শ্ববর্তী বোর্ডবাজার সুলতান জেনারেল হাসপাতাল মোড় থেকে দক্ষিণখান রেললাইন পর্যন্ত শহীদ সিদ্দিক সড়কটিও প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ভালুকারটেক ও হাজি মার্কেটের সামনের রাস্তার অবস্থা খুবই করুণ। এলাকাবাসীর পক্ষ থেকে এ সড়কটিও দ্রুত সংস্কারের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের গাছা জোনের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন জানান, জাপানের উন্নয়ন সংস্থা জাইকার প্রকল্পের অধীনে ১৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে বড়োবাড়ি থেকে আক্কাস মার্কেট হয়ে মেঘডুবি পর্যন্ত আট কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। এ সড়কের বড়বাড়ি থেকে বগারটেক ব্রিজ পর্যন্ত আরসিসি এবং ঐ ব্রিজ থেকে আক্কাস মার্কেট হয়ে মেঘডুবি পর্যন্ত সড়ক কার্পেটিং করা হবে।
তিনি আরো জানান, ঈদের পর সময় মতো ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজে না আসায় এবং ঘন ঘন বৃষ্টির কারণে সড়কের উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। আগামী কিছু দিনের মধ্যে সড়কটির উন্নয়নকাজ শুরু করা হবে।
