সোনারগাঁয়ে মসজিদের ইমাম হত্যার ঘটনায় একজন গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২৩:২৬

সোনারগাঁ উপজেলার মল্লিকেরপাড়া জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ওয়াহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে তাকে মাদারীপুর শিবচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান ইমামকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকেরপাড়া বাইতুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামের কাছ থেকে টাকা ধার নেন তার বন্ধু ওয়াহিদুজ্জামান। ইমাম দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরেই তার পাওনা টাকা চেয়ে আসছিলেন। ওয়াহিদুজ্জামান মাদারীপুর শিবচর এলাকার একটি মসজিদের ইমাম। গত ২১ আগস্ট রাতে মল্লিকপাড়া মসজিদের ইমাম দিদারুল ইসলামের কাছে আসার সময় তার বন্ধু ওয়াহিদুজ্জামান দুটি কোকের বোতল নিয়ে আসেন। এর মধ্যে একটি বোতলে ঘুমের ওষুধ মিশানো ছিল। ঘুমের ওষুধ মেশানো বোতলটি ইমাম দিদারুল ইসলামকে দেওয়া হয় এবং অন্য বোতলের পানীয় সে নিজে পান করে।  কোক পান করার কয়েক মিনিটের মধ্যে দিদারুল ইসলাম ঘুমিয়ে পড়লে তার শয়ন কক্ষে রাখা কোরবানির পশু জবাইয়ের ছুরি দিয়ে তার গলা কাটে ওয়াহিদুজ্জামান। পরে নিজের রক্তমাখা লুঙ্গি ও দুটি কোকের বোতল মসজিদের পাশের ডোবায় ফেলে পালিয়ে যায় সে। বুধবার দুপুরে মল্লিকেরপাড়া মসজিদের পাশের ডোবা থেকে রক্তমাখা লুঙ্গি ও কোকের দুটি বোতল আলামত হিসেবে উদ্ধার করা হয়। পরে হত্যার বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য ওয়াহিদুজ্জামানকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদের কার্যালয়ে নেওয়া হলে সে এসপির উপস্থিতিতে হত্যার ঘটনার বর্ণনা করে এর দায় স্বীকার করে।