মানিকগঞ্জে ইমামবাড়ির ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের অনুমতি দাবি

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২৩:২৬

পবিত্র আশুরায় গড়পাড়া ইমামবাড়ির ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল মানিকগঞ্জ শহরে প্রদক্ষিণের অনুমতি দাবি করা হয়েছে। গড়পাড়া ইমামবাড়িতে আয়োজিত ‘পবিত্র আশুরা’ শীর্ষক মতবিনিময় সভায় ইমামবাড়ির পক্ষ থেকে এই দাবি করা হয়। সভায় গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর ও পাকপাঞ্জাতন অনুসারী পরিষদ বাংলাদেশের সভাপতি শাহ মোখলেছুর রহমান, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি ও গড়পাড়া ইমামবাড়ির সদস্য পীরজাদা আরিফুর রহমান, পীরজাদা শাহজাদা রহমান, পীরজাদা তাজিনুর রহমান এবং স্থানীয় সমাজসেবক প্রণয় সাহা বক্তব্য রাখেন।

পীরজাদা আরিফুর রহমান বলেন, গড়পাড়া ইমামবাড়ির শোক মিছিল জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় আচার-আচরণের প্রতীক। প্রশাসনের নির্দেশে বর্তমানে মিছিলে দা, রামদা, তলোয়ার ব্যবহার করা হয় না। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মিছিলটি সম্পন্ন হলেও তিন বছর ধরে নিরাপত্তার অজুহাতে মিছিলটিকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণে বাধা দেওয়া হচ্ছে। তিনি জেলা শহরে ঐতিহ্যবাহী এই তাজিয়া মিছিল বের করার অনুমতি দাবি করেন। পীর শাহ মোখলেছুর রহমান বলেন, মানিকগঞ্জবাসী ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এই মিছিল দেখার অপেক্ষায় থাকেন। তিনি জেলা শহরে তাজিয়া মিছিল করার অনুমতি দাবি করেন এবং এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন।

তাদের দাবির বিষয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামিম পিপিএম বলেন, এ ব্যাপারে গড়পাড়া ইমামবাড়ি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।