আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান ও জিম্বাবুয়ে অংশ নিচ্ছে। গতকাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সিরিজের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন।
ডিএমপি সূত্র জানায়, ত্রিদেশীয় সিরিজ খেলতে প্রথম দল হিসেবে ৩০ আগস্ট বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। আর জিম্বাবুয়ে ক্রিকেট দল আসবে ৮ সেপ্টেম্বর। সিরিজে প্রত্যেক দলই চারটি করে টি-২০ দিবা-রাত্রির ম্যাচ খেলবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫-৯ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ১ ও ২ সেপ্টেম্বর হবে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ। আর ঢাকা ও চট্টগ্রামে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১-২৪ সেপ্টেম্বর। এর মধ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য সকল ম্যাচের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলশ।
গতকাল সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিবি, গোয়েন্দা সংস্থা, ঢাকা সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
