সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণিতে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষায় নিজস্ব প্রশ্নপত্রেই পরীক্ষা নিতে হবে। অর্থাত্, নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদেরই তাদের নিজ স্কুলের প্রশ্ন করতে হবে। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, শুধু পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্ন ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের করতে হবে। এর আগে প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র উপজেলা ও থানা পরীক্ষা পরিচালনা কমিটি থেকে প্রণয়ন করা হতো। এতে পাঠদানে নিয়োজিত শিক্ষকদের প্রশ্ন করার বা প্রশ্ন তৈরি করার স্বাভাবিক সক্ষমতা লোপ পাচ্ছে। শিক্ষকদের প্রশ্ন করার দক্ষতা না থাকলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে না।
পরিপত্রে বলা হয়, ছাত্রছাত্রীদের মধ্যে ক্রিয়েটিভিটি আনার জন্য সর্বপ্রথম শিক্ষকদের মধ্যে ক্রিয়েটিভিটি সৃষ্টি করা প্রয়োজন। এতে ছাত্রছাত্রীদের মধ্যে অনুসন্ধিত্সা জ্ঞান সৃষ্টি হবে। এ কারণেই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের প্রণয়ন করা জরুরি। তাই এখন থেকে উপজেলা ও থানা পরীক্ষা পরিচালনা কমিটি থেকে প্রশ্ন প্রণয়নের পরিবর্তে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশ্ন প্রণয়ন করতে হবে। কোনো অবস্থায়ই সমিতি বা অন্য কোনো উত্স থেকে প্রশ্নপত্র সংগ্রহ করা যাবে না।
তবে ২০১৬ সালের ৫ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একই ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। কিন্তু এরপরও বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভিন্ন উত্স থেকে প্রশ্ন সংগ্রহ করেই পরীক্ষা নিয়ে আসছিলেন।
