হাইকোর্টে ১১ অভিযুক্ত কর্মকর্তার নাম জানাল দুদক

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:১৯

১৮ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলার তদন্তে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের দায়ে বিভাগীয় মামলা হয়েছে এমন ১১ কর্মকর্তার নাম হাইকোর্টে দাখিল করা হয়েছে। একইসঙ্গে কার বিরুদ্ধে কী অভিযোগে এসব মামলা করা হয়েছে তা-ও ঐ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদন তুলে ধরার পর আগামী ২৪ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 

এর আগে ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হলেও তাদের নাম উল্লেখ না করায় দুদকের প্রতিবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। পরে ঐসব কর্মকর্তার নাম উল্লেখ করে গতকাল এ প্রতিবেদন দেয় দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। শুনানিকালে আদালত বলে, জাহালম আপনাদের ভুল তদন্তের শিকার। তাকে ক্ষতিপূরণ দিন। বিভাগীয় মামলা কবে নিষ্পত্তি হবে। সে পর্যন্ত জাহালম কি রাস্তায় রাস্তায় ঘুরবে?

এদিকে গতকাল ব্র্যাক ব্যাংক ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার প্রতিবেদন দাখিল করেন আইনজীবীরা। ব্র্যাক ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ও সোনালী ব্যাংকের পক্ষে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

জুলাই মাসে দুদকের এক রিপোর্টে বলা হয়, দুদকের তদন্তকারী কর্মকর্তাদের দায়সারা তদন্তে নিরপরাধ পাটকল শ্রমিক জাহালম ২৬ মামলার আসামি হন। দুদকের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে এ সত্যতা উঠে আসে।