রাজধানীর যাত্রাবাড়িতে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারহানা (১৮) নামে নববিবাহিতা গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি বদরুন্নেসা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। শনির আখড়া দক্ষিণ শেখদী জামে মসজিদ সংলগ্ন বাবার ভাড়া বাসায় বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন। মহাখালীর আমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইউনিলিভারের মার্কেটিং বিভাগে কাজ করতেন। কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
নিহতের বাবা বকুল মিয়া জানান, কোরবানি ঈদের আগে একই এলাকার বাসিন্দা জুয়েল নামে এক ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হয় ফারহানাকে। গত দুই দিন আগে রায়েরবাগ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে ফারহানা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাদের চাবি নিয়ে ওপরে যায়, কিছুক্ষণ পরই বিকট শব্দ শুনে লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায়, ফারহানা ওপর থেকে নিচে পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক মৃত বলে জানান। তার বাবার ধারণা, ফারহানা লাফিয়ে পড়ে মারা গেছে। তিনি আরো বলেন, ফারহানা আমাদের বিভিন্ন সময় বলেছিল, বিবাহর পর থেকে তার সংসারজীবন ভালো লাগছিল না। সে আগেই ভালো ছিল। গোপালগঞ্জ জেলার দীঘেরকুল উত্তর বেন্নাবাড়ি গ্রামের বকুলের মেয়ে ফারহানা। একই এলাকায় ফারহানার শশুরবাড়ি। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
এদিকে ঢাকা রেলপথ থানার (জিআরপি) বিমানবন্দর ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল সকালে কমলাপুরগামী একটি ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রাশেদুল ইসলাম। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তবে তখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হয়নি। পরে তার বড়ো ভাই রাসেল বিকালে মর্গে এসে লাশ শনাক্ত করেন।
