১৫ আগস্ট হত্যাকাণ্ড

আন্তর্জাতিক তদন্ত কমিশন চান তোফায়েল

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:২৫

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায়  তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু নিজেই। তিনি সারাবিশ্বের অবিসংবাদিত নেতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যারা জড়িত ছিল সবার মুখোশ উন্মোচনের জন্য একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন করা দরকার।

তোফায়েল আহমেদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্যই ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল। শিশু রাসেলকে কেন হত্যা করেছিল স্বাধীনতাবিরোধী অপশক্তি? হত্যা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের কোনো উত্তরসূরি যেন কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেজন্য। তবে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চারবারের সফল প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রের সভাপতি শাহ মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রকৌশলী শাহ আব্দুল মোছাব্বির প্রমুখ।