ফেরি আটকে রাখায় তিতাসের মৃত্যু

যুগ্মসচিব সবুরসহ তিন জনকে দায়ী করে প্রতিবেদন জমা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:১৩

কাঁঠালবাড়ি ঘাটে ফেরি দেরিতে ছাড়ায় স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডলসহ তিন জনকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গত মঙ্গলবার দেওয়া এই প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য এস এম শাহ হাবিবুর রহমান হাকিম।

নৌ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এঘটনায় যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডল, ঘাট ব্যবস্থাপক আবদুস সালাম ও ফিরোজ আলমকে দায়ী করা হয়েছে। আর এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য এস এম শাহ হাবিবুর রহমান হাকিম।

সড়ক দুর্ঘটনায় আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নড়াইলের তিতাস ঘোষকে চিকিত্সার জন্য নেওয়া হচ্ছিল ঢাকায়। তবে কাঁঠালবাড়ি ঘাটে ফেরির জন্য তাকে বহনকারী অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে হয় তিন ঘণ্টা। কারণ যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডলের জন্য ফেরি অপেক্ষা করছিল। ফেরি ছাড়ার কিছুক্ষণ পর মারা যায় তিতাস।

স্কুলছাত্রের বিনা চিকিত্সায় মৃত্যুর এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসে উচ্চ আদালতের। তদন্তে গঠন হয় তিনটি পৃথক কমিটি।