আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তাদের খুঁজে বের করতে যে কমিশন গঠন করা হবে সেটি হবে বিশেষায়িত কমিশন। এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিশন। তাই এ কমিশন গঠনের সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ। তিনি বলেন, এটার টার্মস অব রেফারেন্স, এটা কাকে দিয়ে এবং কে চেয়ারম্যান হবেন, কতজন সদস্যবিশিষ্ট এ কমিশন হবে, এটির মেয়াদ কতদিন হবে, এটি কী কী করবে এগুলো ঠিক করে দিতে হবে। এই কমিশন ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করে তাদের কী করা হবে, তাদের কোন বিচারের আওতায় আনা হবে, সেই সুপারিশ করবে।
গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ সভার আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।
পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি, সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম এমপি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ।
