প্রবাসীদের জন্য গ্রিসে কনস্যুলার সেবা বিষয়ক অডিও-ভিডিও প্রকাশ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০১:৩০

কনস্যুলার সেবা বিষয়ক তথ্য প্রবাসীদের কাছে আরও সহজে পৌঁছে দিতে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কনস্যুলার সেবার তথ্য সংবলিত বিভিন্ন অডিও এবং ভিডিও প্রকাশ করেছে। দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ, এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অডিও এবং ভিডিও  প্রকাশ করা হয়। ২৭ আগস্ট এই সেবা উদ্বোধন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নীতিমালা প্রবাসীদের মাঝে বিস্তৃত করার লক্ষ্যেই কনস্যুলার সেবা বিষয়ক  অডিও এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের ফলে সর্বস্তরের প্রবাসীরা সহজে কনস্যুলার সেবা বিষয়ক তথ্য জানতে পারবেন এবং সেবা গ্রহণ সহজতর হবে। 

রাষ্ট্রদূত আরো বলেন, এর মধ্য দিয়ে দূর-দূরান্তে বসবাসকারী প্রবাসীরা অতি সহজে তাদের স্মার্ট ফোনেই কনস্যুলার সেবা বিষয়ক তথ্য দেখতে এবং শুনতে পাবে। অনলাইনে সহজে সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়রে ‘দূতাবাস’ অ্যাপসরে কথাও উল্লেখে করেন রাষ্ট্রদূত। 

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের নির্দেশনায় কনস্যুলার সেবা বিষয়ক অডিও/ভিডিও কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ। এই প্রকল্পে কণ্ঠ দিয়েছেন এথেন্সে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী শিক্ষিকা মিসেস মেহের নীগার সুরভী। 

ইত্তেফাক/জেডএইচ