চালককে খুন করে অটো ভ্যান ছিনতাই

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৬:৫৭

বগুড়ার দুপচাঁচিয়ার পল্লীতে ব্যাটারি চালিত অটো ভ্যান চালকে খুন করে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ভ্যান চালক সমজান সরদার ওরফে শুদ্ধি (৬৫) নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সমজান সরদার দুপচাঁচিয়ার ঝাঝিরা পশ্চিমপাড়া মৃত ছলিম সরদারের ছেলে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে তিনজন যাত্রী নিয়ে তালুচের মজিদ নগর এলাকায় যাবার পর থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান করতে পারেনি। 

বৃহস্পতিবার ভোরে একই এলাকার নূরপুর গ্রামের একটি ধানক্ষেতে তার লাশটি পাওয়া যায়। পুলিশে খবর দিলে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। 

নিহতের ছেলে আবদুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে তিনজন যাত্রী ভাড়ার কথা বলে অটোভ্যানটি ঠিক করেন। বাবা ফোনে জানান, ‘ভাড়ায় যাচ্ছি, আসতে দেরি হবে। তোর মাকে জানাস।’ পরে রাত সাড়ে দশটায় বাড়ি না ফেরায় বাবাকে মোবাইল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে জেলেহাজতে বর ও বরের বাবা

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা খুনের পর অটো ভ্যান ছিনতাই করেছে। 

ইত্তেফাক/অনি