চিরায়ত রূপকথা

বুদ্ধিমান হরিণ এবং ভীতু বাঘ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৯:১৮

পাহাড়ের পাশে একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলেই একটি হরিণী তার দুই শাবক নিয়ে মাঠে ঘাস খাচ্ছিল। হরিণশাবকগুলো খুশিতে এদিক ওদিক নেচে বেড়াচ্ছিল। আর মা হরিণীও তাদের পিছু পিছু চলছিল। শাবকদুটো খেলতে খেলতে একটা গুহায় ঢুকে পড়ল। হরিণী খুব ভয় পেল, কেননা এটা ছিল একটি বাঘের গুহা। গুহার চারদিকে বিভিন্ন প্রাণীর হাড় ছড়িয়ে রয়েছে। সৌভাগ্যবশত বাঘটি তখন গুহার ভেতরে ছিল না।

হরিণী শাবকদুটোকে গুহা থেকে বের করে আনার জন্য চেষ্টা করছিল। এমন সময় প্রচণ্ড একটা গর্জন শুনতে পেয়ে হরিণী দেখল দূরে একটা বাঘ! বাঘটা তখন গুহার দিকে আসছিল।  এখন তো গুহা থেকে বের হওয়াটা বিপজ্জনক হবে। সে তখন একটা মতলব আঁটল। বাঘটি ততক্ষণে গুহার কাছেই এসে পড়েছে। হরিণী গলা চড়িয়ে চিত্কার করতে শুরু করল, ‘বাছারা কেঁদো না। আমি তোমাদের খাওয়ার জন্য একটা বাঘ ধরে আনব। তখন তোমরা পেটপুরে খেতে পারবে।’

কথাগুলো শুনে বাঘ বেশ ভয় পেল। সে মনে মনে বলল, ‘গুহার ভেতর থেকে এটা কার গলা শোনা যাচ্ছে? ভয়ংকর একটা জন্তু মনে হয় গুহার ভেতরে ঢুকে আমাকে ধরার জন্য অপেক্ষা করছে। প্রাণ বাঁচাতে হলে আমাকে তাহলে পালাতে হবে।’

অতএব বাঘ সেখান থেকে ছুটে পালাল।

একটা শিয়াল দেখল, বাঘ ছুটে পালাচ্ছে। সে জিজ্ঞেস করল, ‘তুমি কেন এমন ভয়ে ছুটে চলেছ?’ বাঘ উত্তর দিল, ‘বন্ধু, ভীষণ শক্তিশালী আর হিংস্র একটা প্রাণী আমার গুহায় থাকতে এসেছে। তার বাচ্চাগুলো বাঘ খাওয়ার জন্য কান্নাকাটি করছে। ওদের মা কথা দিয়েছে, ওদের জন্য একটা বাঘ ধরে আনবে। তাই আমি প্রাণভয়ে ছুটে পালাচ্ছি।’ 

ধূর্ত শেয়াল নিশ্চিত হলো, বাঘটা ভীতু। সে বাঘকে বলল, ‘ভয় পেয়ো না। বাঘের চেয়ে ভয়ংকর আর শক্তিশালী কোনো প্রাণী নেই। চলো দুজনে একসাথে গিয়ে দেখি ব্যাপারটা কী।’

বাঘ বলল, ‘না বাবা, আমি ঝুঁকি নেব না। তুমি ঠিকই পালিয়ে যাবে আর আমি একা মরার জন্য পড়ে থাকব। আমি তোমার সাথে যাব না।’

শেয়াল বলল, ‘আমার ওপর আস্থা রাখো। চলো আমাদের দুজনের লেজ একসাথে বেঁধে নিই। তাহলে আমি তোমাকে ফেলে চলে যেতে পারব না।’

অনিচ্ছাসত্ত্বেও বাঘ তার প্রস্তাবে রাজি হলো। শেয়াল দুজনের লেজ একসাথে বেঁধে একটা গিঁট দিল। তারপর ওরা একসাথে গুহার দিকে চলল।

হরিণী দেখল শেয়াল আর বাঘ একসাথে আসছে। সে তখন আবার চিত্কার করে গুহার ভেতরে তার শাবকদের উদ্দেশে বলল, ‘বাছারা, আমি আমার বন্ধু চালাক শেয়ালকে অনুরোধ করেছিলাম আমাদের জন্য একটা বাঘ ধরে আনতে। ঐ যে দেখ, শেয়াল আমাদের জন্য একটা বাঘ ধরে আনছে। বাঘের লেজটা তার নিজের লেজের সাথে বেঁধে নিয়েছে, যাতে বাঘটা পালাতে না পারে। আজ রাতে একটু পরেই তোমরা একটা বাঘ খেতে পারবে।’

কথাগুলো শুনেই বাঘ রীতিমতো চমকে উঠল। এখন সে নিশ্চিত হলো, শেয়াল তার সাথে প্রতারণা করেছে। কাজেই গুহার মধ্যেকার সেই ভয়ংকর প্রাণীর হাত থেকে বাঁচার জন্য সে ছুটে পালাতে শুরু করল। ভুলে গেল লেজে বাঁধা শেয়ালের কথা। পাথর আর কাঁটাগাছের ওপর দিয়ে শেয়ালকে টেনে নিয়ে চলল। ছোটার সময় শেয়াল দুটো পাথরের মধ্যে আটকা পড়ল। বাঘ সর্বশক্তি দিয়ে টানাটানি করতেই তার লেজ কেটে গেল আর শেয়ালটাও এ ঘটনায় মারা গেল। আর লেজ কাটা বাঘটা জঙ্গলের অন্য প্রান্তে ছুটে পালাল।

হরিণী তার শাবকদের নিয়ে বাঘের গুহা থেকে বের হয়ে নিরাপদে হরিণের পালে যোগ দিল।

উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যায়।