শেয়ারবাজারে সূচকের পতন চলছেই

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:১৪

দেশের দুই শেয়ারবাজারেই মূল্য সূচকের পতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন হওয়া ৭৩ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭০ শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৬ শতাংশ  কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে নেমে এসেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত আস্থাহীনতার কারণেই শেয়ারবাজারে সূচক ও লেনদেনে প্রত্যাশিত গতি আসছে না। আস্থা ফেরাতে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে না। বাজারে অপেক্ষাকৃত দুর্বল শেয়ারের লেনদেন ও দর বেড়ে যাওয়াও এর পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

গতকাল ডিএসই ৩৫৩টি কোম্পানির ১১ কোটি ২৭ লাখ ৬ হাজার ৬১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ২৩৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। এদিন ডিএসইতে ৪০৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

লেনদেনের ভিত্তিতে টাকায় প্রধান ১০টি কোম্পানি : ইউনাইটেড পাওয়ার, সিলকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল পলিমার, সুহূদ ইন্ডাস্ট্রিজ, ওয়াটা ক্যামিকেলস, মুন্নুু স্টাফলার, ন্যাশনাল টিউবস, বিকন ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন ও ডরিন পাওয়ার। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, সিলকো ফার্মাসিউটিক্যালস, রেকিট বেনকিজার, ডরিন পাওয়ার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ ও এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি : সাউথইস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যশনাল পলিমার, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আফতাব অটোমোবাইলস, তাল্লু স্পিনিং, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ডেল্টা স্পিনার্স। 

অন্যদিকে সিএসইতে গতকাল ২৩৯টি কোম্পানির ৬২ লাখ ৫ হাজার ৯০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট  লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।