বাংলাদেশি প্রতিযোগী নাফিসা সাদাফ আঁচল রাশিয়ার কাজানে মঙ্গলবার সমাপ্ত বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় বেস্ট অব নেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। দুই প্রতিযোগী—তানজিম তাবাস্সুম ইসলাম কনফেকশনারি ও পেটিসেরিতে এবং নাফিসা সাদাফ আঁচল ফ্যাশন ডিজাইনিংয়ে বিশ্বের ৬৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক দক্ষতামান নির্বাচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিযোগীদের উত্সাহ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও আলোচনায় দক্ষতা উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মকাণ্ড তুলে ধরেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন, এনএসডিএর সদস্য রেজাউল করিম, পাঁচটি শিল্প দক্ষতা পরিষদের (আইএসসি) চেয়ারম্যান—এগ্রোফুডের শফিকুর রহমান ভূঁইয়া, ট্যুরিজম ও হসপিটালিটির এ কে এম বারী, আইসিটির শাফকাত হায়দার, আরএমজি ও টেক্সটাইলসের মোহাম্মদ নাসির এবং ইনফরমাল সেক্টরের মির্জা নুরুল গনি শোভন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, এনএসডিএ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে দক্ষতা উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে তাকে বেগবান করতে রাশিয়ার কাজানে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দেন। এটি দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে বিশাল যুবগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন। উল্লেখ্য, সারা বিশ্বের মোট ১ হাজার ৩৫৪ জন প্রতিযোগী ৫৬টি দক্ষতা বিষয়ে পাঁচ দিনব্যাপী বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নেয়। -প্রেস বিজ্ঞপ্তি
