ওপেনিংয়ে সৌম্য-সাদমান!

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:১৪

খুলনায় এইচপি দলের খেলা দেখতে গিয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার। দুই দিন খেলা দেখে ঢাকায় ফিরে এসেছেন তিনি। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে মিরপুর স্টেডিয়ামে ব্যস্ত সময় কেটেছে হাবিবুল বাশারের। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের বাংলাদেশ দল, আফগানদের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের দলটা তৈরি করতে হচ্ছে একই সময়ে।

গতকাল দুই নির্বাচকের নির্ভার ভাবটা স্পষ্ট বলে দিচ্ছিল টেস্টের দল তৈরি শেষ। এখন শেষ মুহূর্তে বিসিবি একাদশের দলটা তৈরির কাজটাই বাকি। গতকাল ফিজিও, ট্রেনারদের সঙ্গেও কথা বলেছেন নির্বাচকরা।

আজ আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতে পারে। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দেয়া তথ্য এমনটাই আভাস দিচ্ছে। টেস্টের দলটা হতে পারে ১৫ সদস্যের। গরমের কারণে পেস বোলারের সংখ্যা বাড়তে পারে। আজ সন্ধ্যার পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলটা ঘোষণা করবে বিসিবি। এর মধ্যে নির্বাচকরা দল চূড়ান্ত করে বিসিবি সভাপতির দপ্তরে পাঠিয়েছেন। আজ সেটা বিসিবি সভাপতির অনুমোদন পাওয়ার পরই ঘোষণা হবে।

টেস্ট দলে সবচেয়ে বেশি আলোচনা ওপেনিং পজিশন নিয়ে। কারণ এই সিরিজে খেলবেন না ওপেনার তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার ছুটি নিয়েছেন। তামিমের জায়গায় ওপেনার হিসেবে কার কার জায়গা হচ্ছে, এটা নিয়েই বড় আলোচনা। ওপেনারের একটি জায়গা অবশ্য সাদমান ইসলাম অনীকের জন্য নির্ধারিত। গত কয়েক টেস্টে নিয়মিত খেলছেন এই তরুণ।

আরেকটি স্থানের দৌড়ে এত দিন কয়েকটি নাম শোনা গিয়েছিল। অভিজ্ঞ জহুরুল ইসলাম অমি, তরুণ সাইফ হাসানের নামও উচ্চারিত হয়েছিল। যদিও শেষ বেলায় এসে এই দুজনের নামই কাটা পড়েছে টেস্ট দলের ওপেনারের দৌড়ে। দল ঘোষণার আগ পর্যন্ত ওপেনার হিসেবে এগিয়ে আছে সৌম্য সরকারের নাম। টেস্ট দলে তার থাকাটাও প্রায় নিশ্চিত। সমীকরণে রয়েছে ইমরুল কায়েসের নামও। ওপেনারদের পজিশনে সৌম্য-ইমরুলই বিবেচনায় থাকছেন। একাদশে সাদমানের সঙ্গী কে হবেন, সেই ভাবনায়ও সৌম্য এগিয়ে। 

সর্বশেষ গত ফেব্রুয়ারি-মার্চে টেস্ট খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে টেস্টে সেঞ্চুরি করেছিলেন সৌম্য। যে কারণে এগিয়ে থাকছেন তিনি।

অভিজ্ঞ ইমরুল অবশ্য অনেকদিন ধরেই জাতীয় দলে উপেক্ষিত। বিশ্বকাপে সুযোগ হয়নি, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও জায়গা পাননি। শ্রীলঙ্কা সফরে ডাক পড়েনি ইমরুলের। তামিমের অনুপস্থিতিতে টেস্ট দলে এবার বাঁ-হাতি এই ওপেনার একটা সুযোগ পেতে পারেন। তাছাড়া আফগান স্পিনার বিশেষ করে রশিদ খানকে খেলার দক্ষতাও এগিয়ে রাখছে ইমরুলকে।

মিরপুর স্টেডিয়ামে আজ প্রস্তুতি ম্যাচের আবহে অনুশীলন করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচের কর্মকাণ্ডের পরই ঘোষণা হতে পারে টেস্ট দল। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এখনো ঘোষণা করিনি। কাল (আজ) মাঠে ঘোষণা করব।’ আগে টেস্টের দল, পরে টি-২০ দল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচক বলেছেন, ‘অবশ্যই টেস্ট দল দিচ্ছি। টেস্টের দ্বিতীয় দিন আমরা টি-টোয়েন্টি সিরিজের দল দেব।’

খুলনায় এইচপি দলের হয়ে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তরা ভালো করছেন। তাতে এখনই অবশ্য টেস্ট দলে জায়গা হচ্ছে না তাদের।

যদিও শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন প্রধান নির্বাচক। গতকাল তিনি বলেছেন, ‘এইচপিতে কয়েকজন খুব ভালো ক্রিকেট খেলেছে। শান্তও বেশ ভালো খেলেছে। তো এটা আমাদের মাথায় আছে। এটা নিয়ে আমরা বসছি। কোচের সঙ্গে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে, কেমন টিম চাই এটা নিয়েও আলোচনা হয়েছে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করছি। কালকে (আজ) ফাইনাল করব।’