ব্রাজিল তারকা নেইমারের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাইছে না। বার্সেলোনায় যাওয়ার জন্য তিনি এক পায়ে খাড়া। কিন্তু পিএসজি স্পানিশ ক্লাবটির সঙ্গে কঠিন দর-কষাকষিতে নামায় আটকে আছে তার প্রত্যাবর্তন। তবে ফ্রান্স ও স্পেনের গণমাধ্যমের ইঙ্গিত ক্লাব বদলের সময়সীমা শেষ হওয়ার আগে নেইমারের বার্সেলোনায় যাওয়া সম্ভব হবে।
নেইমার অবশ্য গত বুধবারও পিএসজির সঙ্গে অনুশীলন করেছেন। আগামী সোমবার স্পানিশ ক্লাবগুলোর খেলোয়াড় কেনা বেচার সময়সীমা শেষ হবে। সে হিসেবে সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে বার্সেলোনাকেও।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকুইপ জানাচ্ছে যে আগের প্রয়াসটি বিফলে যাওয়ার পর বার্সেলোনা ১৬০ মিলিয়ন ইউরোর (১৭৭.৩ মিলিয়ন ডলার) নতুন প্রস্তাব দিয়েছে। সমুদয় অর্থ দুই কিস্তিতে দেওয়া হবে। সঙ্গে একজন খেলোয়াড়। এ প্রস্তাবটিতে শেষ পর্যন্ত পিএসজি রাজি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরেক ফরাসি পত্রিকা লে পেরিসিয়ান এর মতে বার্সেলোনা এর চাইতে কিছুটা কম ফি দিতে চায়। এর পরিমাণ ১৪০ থেকে ১৫০ মিলিয়ন ইউরো হতে পারে। সঙ্গে থাকবে ক্রোয়েশীয় মিডফিল্ডার ইভান রাকিটিচ। এছাড়াও ওসমান দেম্বেলেকে ধার হিসেবে দিতে পারে বার্সা।
ফ্রান্সের ২২ বছর বয়সি খেলোয়াড়টির এজেন্ট মুসা সিসোকো অবশ্য বলেছেন বিশ্বকাপ জয়ী দেম্বেলে নেইমারের প্রস্তাবের গুটি হিসেবে ব্যবহূত হতে চান না।
সিসোকো বলেন, ‘ওসমান শতভাগ থাকছে। তার চলে যাওয়ার কোনো সুযোগ নেই। সে নিজেকে বার্সেলোনাতেই প্রতিষ্ঠিত করতে চায় এবং করবে।’ নেইমার বিশ্বকাপ রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজিতে যোগদানের পর বার্সেলোনা দেম্বেলেকে ১০৫ মিলিয়ন ইউরোয় বরুশিয়া ডর্টমুন্ড থেকে এনেছিল। কিন্তু মাঝের দুই বছর ক্যাম্প ন্যুতে তিনি ইনজুরি নিয়েই কাটান।
এরকম পরিস্থিতির মধ্যেও আশাবাদী বার্সেলোনার কর্মকর্তারা। তাদেরই একজন পরিচালক জাভিয়ের বোরদাস। ব্রাজিলীয়টির জন্য সওয়াল করতে বার্সেলোনার হয়ে যে দলটি প্যারিসে গিয়েছিলেন, সেখানে ফুটবল পরিচালক এরিক আবিদাল ও সিইও অস্কার গ্রাউর সঙ্গে ছিলেন এই বোরদাস । তিনি সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে বলেছেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা চুক্তির কাছাকাছি।’
উল্লেখ্য ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। চার মৌসুমে বার্সার জার্সিতে ৬৮ গোল করেন ব্রাজিল তারকা। তারপরই হঠাত্ পাড়ি জমান প্যারিসের ক্লাব পিএসজিতে। এখানে ২৭ বছর বয়সি এই তারকা দুই বছরে ফুটবলার ৫৮ খেলায় ৫১ গোল করেছেন।
