বিশ্বকাপটা খুবই খারাপ কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। কয়েকটা ম্যাচ কাছাকাছি গিয়েও হেরেছে তারা। ১০ দলের টুর্নামেন্টে নবম হয়েছিলো উইন্ডিজ; কেবল আফগানিস্তান ছিল তাদের নিচে। এরপর ভারতের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ। সব ফরম্যাটে একটার পর একটা ম্যাচ হারতে হারতে ক্লান্ত তারা। টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট সিরিজও শেষ হতে চললো। একটা ম্যাচও জিততে পারেনি স্বাগতিকরা।
আজ জ্যামাইকায় ভারতের বিপক্ষে সফরের শেষ ম্যাচ ও শেষ টেস্ট শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। এটাই ক্যারিবীয়দের সামনে শেষ সুযোগ এই সফরে অন্তত একটু সম্মান রক্ষা করার। এই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে তারা। অন্যদিকে ভারতের সামনে লক্ষ্য ‘ক্লিন সুইপ’। এই ম্যাচ জিতে সফরে অপরাজিত থাকার ধারা ধরে রাখতে চাইবে বিরাট কোহলির দল। বাংলাদেশ সময় রাত ৯টা থেকে শুরু হবে এই টেস্টের খেলা।
এই সফরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ প্রথমে খেলেছে তিনটি টি-টোয়েন্টির সিরিজ। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিলো ভারত। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও পরের দুটি জিতে সিরিজ জিতে নেয় ভারতীয় দল। সবশেষ অ্যান্টিগায় প্রথম টেস্টও জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তাদের অস্ত্র কাজে লাগিয়েই ভারতীয় দল অপরাজেয় হয়ে উঠেছে। অনেকদিন পর ক্যারিবীয় এলাকায় উইকেটগুলোতে প্রাণ দেখা যাচ্ছে। ফাস্ট বোলাররা দারুণ সুবিধা পেয়েছেন প্রথম টেস্টে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে কেমার রোচ জ্বলে ওঠার পর ভারতের হয়ে জ্বলে উঠেছিলেন ইশান্ত শর্মা। কিন্তু টেস্টের নায়ক হয়ে ওঠেন চতুর্থ ইনিংসে ভয়াবহ বল করা জসপ্রিত বুমরাহ। ইশান্তও তিন উইকেট নেন। কিন্তু বুমরাহ মাত্র সাত রান খরচ করে পাঁচ উইকেট নিয়ে আলোচনায় চলে আসেন। তার ভয়াবহ এই বোলিংয়ের সামনে ১০০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
জ্যামাইকায় যদি এ রকম পেস সহায়ক উইকেট হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের মূল দুশ্চিন্তা হবে তিন ভারতীয় পেসার ইশান্ত, বুমরাহ ও মোহাম্মদ শামিকে আটকানো। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে অন্তত অনেকেই শুরু পেয়েছেন। কিন্তু সেভাবে ইনিংস বড়ো করতে পারেননি। কোনো জুটি করে খেলতে পারছেন না তারা। ফলে ইনিংস কিছুতেই বড়ো হচ্ছে না। বিপরীতে ভারতও খুব স্বস্তিতে আছে, তা নয়। তাদের ব্যাটসম্যানরাও বড়ো ইনিংস খেলতে পারছেন না। যদিও প্রতিকূল পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে আজিঙ্কা রাহানের সেঞ্চুরি ও হনুমা বিহারির নব্বই-ঊর্ধ্ব ইনিংস তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। কিন্তু টপ অর্ডার টানা ব্যর্থতার মধ্যেই আছে। ভারতও বড়ো কোনো পরীক্ষার আগে এখানে টপ অর্ডারের কাছ থেকে রান চাইবে নিশ্চয়ই।
