আফগানরা আসছে আজ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:১৯

একটি টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলতে আজ বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বিসিবির লজিস্টিকস বিভাগের তথ্য অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সযোগে দুবাই থেকে ঢাকায় আসবে আফগানরা। তবে সকালে ঢাকার হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে না রশিদ খানের দল। ঢাকা বিমানবন্দর থেকেই আবার আজ সাড়ে ১১টার ফ্লাইটে চট্টগ্রামে চলে যাবে আফগান ক্রিকেট দল। 

বাংলাদেশে এসে চট্টগ্রামেই তাঁবু হবে আফগানদের। আগামী ১-২ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে রশিদ খানের দল। তারপরই মূল লড়াইয়ে নামবে সফরকারীরা।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। টেস্ট ইতিহাসে এটিই হবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ম্যাচ। তারপর জিম্বাবুয়ে-বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশ নিবে আফগানরা।

টেস্ট খেলুড়ে দশম দেশ বাংলাদেশ। গত টেস্ট আঙিনায় নাম লিখিয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলে একটি টেস্ট জিতেছে আফগানরা। গত মার্চে ভারতের দেরাদুনে আইরিশদের হারিয়ে প্রথম জয় পায় এশিয়ার উদীয়মান এই ক্রিকেট পরাশক্তি।

এদিকে বাংলাদেশ সফরের জন্য আরব আমিরাতে প্রস্তুতি নিয়েছে আফগানিস্তান দল। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প করেছে আফগানরা। এবারের দল নিয়েও বেশ আশাবাদী অধিনায়ক রশিদ খান। বাংলাদেশ সফরে ভালো কিছু করার আশা করছেন তিনি। সম্প্রতি ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে ভালো করা ওপেনার ইব্রাহিম জাদরানকে দলে নিয়েছে আফগানিস্তান। মাঠের ফলাফল যাই হোক টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করতে চায় রশিদ বাহিনী।