কাশ্মীর নিয়ে পাকিস্তান কী বলল না বলল, তাতে যে কিছু যায় আসে না, তা ফের বুঝিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আক্রমণাত্মক সুরে জানিয়ে দিলেন, কাশ্মীর কোনো দিনই পাকিস্তানের ছিল না। জম্মু-কাশ্মীর বরাবরই ভারতের অংশ। তাই কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের কোনো অধিকারও নেই পাকিস্তানের। খবর আনন্দবাজার পত্রিকার
লাদাখের লেহতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে একথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমি পাকিস্তানের কাছে প্রশ্ন করতে চাই, জম্মু ও কাশ্মীর কবেই বা পাকিস্তানের ছিল যে আপনারা এ নিয়ে কান্নাকাটি করেন?’ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) একটি অনুষ্ঠানে এ দিন রাজনাথ এও বলেন, ‘পাকিস্তান তৈরি হওয়ার পর থেকেই আমরা তার পরিচয়কে সম্মান করেছি। সেখানকার মানুষকে মর্যাদা দিয়েছি। কাশ্মীর সব সময়ই ভারতের অংশ। পাকিস্তানের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত; কিন্তু তার জন্য ভারতে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে পাকিস্তানকে।’
সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ সুবিধা’ প্রত্যাহার করে তাকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাঙার বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই তার বিরোধিতায় সরব পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে এ ব্যাপারে আলোচনার সময় বেশিরভাগ দেশই একমত হয়েছে যে, সংবিধানের ৩৭০ ধারা বাতিল ও জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ সুবিধা’ তুলে নিয়ে রাজ্যটিকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার বিষয়টি একেবারেই ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়।
