পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরীক্ষা চালিয়েছে

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:২৫

প্রশিক্ষণের লক্ষ্যে রাতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য গজনবী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এমনটি জানিয়েছেন। কাশ্মীর নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে উত্তেজনা তুঙ্গে থাকার সময়টিতেই পাকিস্তান এ পরীক্ষাটি চালাল।

এক টুইটে জেনারেল গফুর বলেছেন, ‘বহু ধরনের ওয়ারহেড বহনে সক্ষম গজনবী ক্ষেপণাস্ত্রের রাতের বেলার প্রশিক্ষণ উেক্ষপণ সফলভাবে সম্পন্ন করেছে পাকিস্তান।’ ক্ষেপণাস্ত্রটি একটি ওয়ারহেডকে ২৯০ কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে । ভারত, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর দেশটির সঙ্গে পাকিস্তানের বিদ্যমান উত্তেজনা তীব্র হয়ে ওঠে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুইপক্ষের সেনাদের মধ্যে গোলা বিনিময়ের খবরও পাওয়া গেছে। এ পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া তিনটি যুদ্ধের দুইটিই কাশ্মীরকে কেন্দ্র করে হয়েছে।

ভারতের ঐ সিদ্ধান্তের পর দেশটির সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান, পাশাপাশি ইসলামাবাদ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে তীব্র প্রতিক্রিয়া জানায়।