অগ্রিম টিউশন ফি পরিশোধে বিলম্ব হওয়ায় শিশু শিক্ষার্থী নির্যাতন

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩০

অগ্রিম টিউশন ফি পরিশোধে বিলম্ব হওয়ায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ তুলেছেন এক অভিভাবক। একইসঙ্গে তিনি থানায় সাধারণ ডায়রি করেছেন। নিজ সন্তানকে নির্যাতনের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রীর কাছেও। যার অনুলিপি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে। অভিযোগে বলা হয়েছে, সঠিক সময়ে বেতন পরিশোধ না করায় অভিযোগকারীর সন্তানকে ক্লাস থেকে বের করে দিয়ে সাজা হিসেবে উক্ত স্কুলের লাইব্রেরির একটি জনশূন্য কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। এতে ঐ শিক্ষার্থী বাকরুদ্ধ হয়ে পড়ে। ফোনে এ তথ্য জানার পর যোগাযোগ করা হলে উলটো খারাপ ব্যবহার করা হয়।

শিক্ষার্থীর বাবা শরিফ রাজ্জাক জানান, আমার সন্তান সাকিবুল রাজ্জাক গত সাত বছর ধরে নিয়মিত মেধাবী ছাত্র হিসেবে প্রতি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়। আমি উক্ত স্কুলে গত জুন-জুলাই মাসের টিউশন ফি পরিশোধ করেছি এবং চলতি মাসের অগ্রিম টিউশন ফি মাসের দশ তারিখের মধ্যে পরিশোধ অন্যথায় বিলম্বের কারণে জরিমানা আদায়ের বিধান রয়েছে। 

তিনি বলেন, অগ্রিম টিউশন ফি বকেয়ার কারণে আমার ছেলেকে ক্লাস করতে দেওয়া হবে না তা আমাকে পূর্বে স্কুল কর্তৃপক্ষ নোটিশ করেনি। স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালি ও মনগড়া সিদ্ধান্তের প্রেক্ষিতে আমার সামাজিক মানসম্মান ক্ষুণ্ন এবং কোমলমতি ও মেধাবী সন্তানের লেখাপড়া ও তার ভবিষ্যত্ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছি এবং উক্ত বিরূপ প্রভাব আমার আরো অপর দুই সন্তানদের ওপর আঘাত হেনেছে।