শর্তসাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালির মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্বঘোষিত র্যালির অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া এবং সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূর্বঘোষিত র্যালির অনুমতি চাইতে আমরা দুপুরে ডিএমপি কার্যালয়ে যাই। মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন আমাদের দুপুর ২টা থেকে র্যালি শুরুর মৌখিক অনুমতি দিয়েছেন। সালাম আজাদ বলেন, একটি শর্ত দিয়েছেন আমাদের, সেটা হলো—৪টার মধ্যে র্যালি শেষ করতে হবে। আমরা সাড়ে ৪টার কথা বলেছি।
