সেতুর সংযোগ সড়কে ধস দুর্ভোগে চলাচলকারীরা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৪

রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর যোগাযোগের জন্য আত্রাই নদীর ওপর নির্মিত সাবেক ডেপুটি স্পিকার মরহুম বয়তুল্লাহের নামে বয়তুল্লাহ সেতুর দুই পাশের সংযোগ সড়কে ধস সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাণীনগরের উদ্যোগে রাণীনগর ও আত্রাই উপজেলার জামালগঞ্জ-বান্দাইখাড়ায় এই সেতু নির্মাণ করা হয়।

স্থানীয়রা জানান, ২০১৪ সালের শেষের দিকে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দীর্ঘদিন সংস্কার না করায় আত্রাই ও রাণীনগর অংশের সংযোগ সড়কে মারাত্মক ধসের সৃষ্টি হয়েছে। সংযোগ সড়কে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হওয়ায় পথচারী ও বিভিন্ন যানবাহন প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে আত্রাই অংশের সেতুর পাশের সংযোগ সড়কে বড়ো বড়ো গর্ত ও মাটি দেবে যাওয়ায় বয়তুল্লাহ সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

রাণীনগর উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা জানান, ২০১২-১৩ অর্থবছরে নওগাঁর সড়ক ও জনপদ বিভাগ হতে স্থানান্তরিত ১৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্পটি জিওবি তহবিলের আর্থিক সহযোগিতায় রাণীনগর উপজেলা প্রকৌশলীর বাস্তবায়নে ২০১২ সালের ১৬ জুলাই দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশের পর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব পায়। কাজ শেষ হলে চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই সেতুর ওপর দিয়ে হালকা যানবাহন ও পায়ে হেঁটে লোকজন চলাচল শুরু করে। পরবর্তীতে সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়।

তিনি সংযোগ সড়ক ধসের সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যেই রাণীনগর অংশের সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে এবং আত্রাই অংশের কাজও এইচবিবি করে কার্পেটিং করে পাকা করা হবে।