মির্জাপুরে সরকারি রাস্তা দখল করে বাঁশ ও টিনের বেড়া

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৫

একটি প্রভাবশালী মহল শত বছরের সরকারি রাস্তা দখল করে বাঁশ ও টিনের বেড়া দেওয়ায় কয়েক শতাধিক পরিবার জিম্মি ও অবরুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভাওড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. হুমায়ুন কবীর, আওয়ামী লীগ নেতা মো. শাজাহান মিয়া ও ব্যবসায়ী মজিবুর রহমানসহ অবরুদ্ধ লোকজন অভিযোগ করেন, সরকারি রাস্তাটি প্রভাবশালী মহল বাঁশ ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় পরিবার পরিজন নিয়ে এখন অবরুদ্ধ ও জিম্মি অবস্থায় রয়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। এ ব্যাপারে রাস্তা দখলকারী অভিযুক্ত মো. আব্দুর রশিদ ও তার ছেলে ছানোয়ার ও সাইফুলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, রাস্তাটি আমাদের পৈতৃক জমির ওপর দিয়ে নেওয়া হয়েছিল। এখন এখানে আমরা বাড়ি নির্মাণ করব। তাই রাস্তা বন্ধ করে দিয়ে পাশের জমির ওপর দিয়ে রাস্তা বের করে দিয়েছি। ঘটনাটি তারা ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন বলে দাবি করেন।

ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, এটি সরকারি রাস্তা। সরকারি রাস্তা দখল করে আব্দুর রশিদ গংরা বাঁশ ও টিন দিয়ে বন্ধ করে এলাকার লোকজনকে জিম্মি ও অবরুদ্ধ করে রেখেছে। তিনি নিজে বাদী হয়ে মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন এবং গত ৮ জুলাই উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তুলে ধরেছেন। রাস্তাটি প্রভাবশালী মহলের হাত থেকে উদ্ধারসহ অবরুদ্ধ পরিবারগুলোর দিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট তিনি জোর দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দ্রুত দেখার জন্য অফিসার ইনচার্জ মির্জাপুর থানাকে অনুরোধ করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ঘটনা তদন্তের জন্য এক এএসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।