চট্টগ্রামে ট্রাকচালক হত্যায় গ্যারেজ ফোরম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৩৭

চট্টগ্রামে পণ্যবাহী প্রাইম মুভার চালক শাহজাহান সাজুকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে জেলার সীতাকুণ্ড থানায় বাদী হয়ে এই মামলা করেন নিহতের স্ত্রী শাহিদা আক্তার। মামলায় স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন গ্যারেজের ফোরম্যান মো. মাসুমকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, পূর্বশত্রুতার জের ধরে সাজুকে হত্যা করা হয়েছে বলে তার স্ত্রী মামলার এজাহারে উল্লেখ করেছেন। গত বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালু শাহ মাজার এলাকায় সাজুকে গুলি করে হত্যা করা হয়।

বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. রুকন নামে এক যুবক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর এনায়েতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, একটি স্কুলে কাজ করার সময় রুকন বিদ্যুত্স্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।