ভারতীয় জলসীমা থেকে হাত-পা বাঁধা জেলে উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৪১

গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি খাজা আজমীর নামে মাছধরা ট্রলারের দুই জেলেকে মারধর করে জাল ও রশি দিয়ে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপের পাঁচদিনের মাথায় সাগর থেকে মো. রিয়াজ ওরফে নিজামুদ্দিন মোল্লাকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর বান্দারহাট গ্রামে। বুধবার সন্ধ্যায় ভারতীয় জলসীমার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ভাসতে দেখে সে দেশের জেলেরা উদ্ধার করে জীবিত থাকায় রায়দিঘি ফিশারম্যান ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে দেন। পরে তারা তাকে রায়দিঘি থানায় সোপর্দ করেন। এর আগে ২৪ আগস্ট ভোররাতে গভীর সমুদ্রের চালনা বয়া দক্ষিণ-পশ্চিমে এফবি খাজা আজমীর ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ঐ ট্রলারের ইঞ্জিন বিকল করে ১০ জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে প্রায় ৫ লাখ টাকার ইলিশ লুট এবং পাথরঘাটার আ. মন্নান ও বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর বান্দারহাট গ্রামের রিয়াজ ওরফে নিজামুদ্দিন মোল্লাকে মারধর করে ট্রলারের জাল ও রশি দিয়ে বেঁধে সাগরে নিক্ষেপ করে দস্যুবাহিনী। জেলে নিজামুদ্দিন মোল্লার বরাত দিয়ে ভারতের রায়দিঘি ফিশারম্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন দাস জানান, জলদস্যুদের হাতে অমানুষিক নির্যাতন এবং আশ্চর্যজনকভাবে রক্ষা পাওয়ার লোমহর্ষক ঘটনা বর্ণনা করেছেন ঐ জেলে।

বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, আমার সঙ্গে ঐ দেশের মত্স্য সমিতির কথা হয়েছে। দ্রুত উদ্ধার করে জেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি।