ভূঞাপুরে নিহতের স্ত্রীকে বিধবা ভাতার কার্ড প্রদান
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ভূঞাপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনীতে নিহত মিনুর স্ত্রীকে বিধবা ভাতার কার্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এই ভাতার কার্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ সমাজ, ইউনিয়ন সমাজ কর্মী আবুল কালাম আজাদ। গত ২১ জুলাই উপজেলার টেপিবাড়ি গ্রামের ভ্যান চালক মিনু মিয়া ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার জন্য কালিহাতী উপজেলার সয়া হাটে যান। হাটের কিছু লোকজন তাকে ছেলেধরা সন্দেহ করে মারধর করে। পরে গত ২৯ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
ডামুড্যা থানায় ওপেন হাউজ ডে
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা থানায় গতকাল বৃহস্পতিবার উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মী ও গ্রাম পুলিশদের নিয়ে ওপেন হাউজ ডে আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আ. মুমেন পিপিএম। তিনি বলেন, ডামুড্যা উপজেলায় মাদক ব্যবসাকে নির্মূল করতে হবে, যদি আপনারা মন থেকে চান। তিনি আরো বলে,ন এলাকায় যারা মাদক ব্যবসায়ী আছে ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেন এবং তাদের তথ্য দেন এতে আপনাদের নাম এবং পরিচয় গোপন রাখা হবে। গোসাইরহাট সার্কেল মুহাইমিনুল ইসলামের মোবাইল নম্বরটি আপনাদের মোবাইলে রাখবেন যে কোন সময় যে কোন বিষয়ে তাকে ইনফর্ম করতে পারেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি গোসাইরহাট সার্কেল মুহাইমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রহমান বাবলু সিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান আ. রাজ্জাক পিন্টু, কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, শিধলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর ও ডামুড্যা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম খোকন প্রমুখ।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। জাতির পিতার ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার এ শ্রদ্ধা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরই মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ঘোষিত মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা পৃথকভাবে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
নাটোর প্রতিনিধি নাটোরে বৃহস্পতিবার সকালে অনলাইনে মাঠ পর্যায়ে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। উদ্বোধনী সেশনে সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুত্ সমিতির উঠান বৈঠক
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত্ সমিতির আওতায় বৃহস্পতিবার রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার রাজারহাট, ভুরঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, উলিপুর, চিলমারী ও কুড়িগ্রাম সদর এবং লালমনিরহাট জেলার আদিতমারী ও লালমনিরহাট উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ৩৩৬টি উঠান বৈঠক সম্পন্ন করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত্ সমিতি। উঠান বৈঠকে সমিতির জেনারেল ম্যানেজার ও বাপবি বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাপবি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহে যেকোন সমস্যার জন্য সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে অথবা সরাসরি সমিতি সদর দপ্তরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।
মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা সখীপুর উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে মোহাম্মদ স্বপন ও সাধারণ সম্পাদক পদে মো. বাবুল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার সখীপুর জেলখানামোড় এলাকার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ফজলুল হক এ কমিটি ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার কাজী শহিদ, রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম সানিসহ ওই সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- কার্যকরী সভাপতি পদে জাহাঙ্গীর সরকার, সহ-সভাপতি ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ রুমি, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সড়ক সম্পাদক নাজমুল হোসেন, ক্রীড়া সম্পাদক রিপন মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মোজাম্মেল হক ইমন।
