শর্তসাপেক্ষে ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির অনুমতি

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:৫৬

শর্তসাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার দুপুরে পূর্বঘোষিত র‌্যালির অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন- দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। 

ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির অনুমতি চাইতে আমরা দুপুরে ডিএমপি কার্যালয়ে যাই। মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন আমাদের দুপুর ২টা থেকে র‌্যালি শুরুর মৌখিক অনুমতি দিয়েছেন। 

সালাম বলেন, একটি শর্ত দিয়েছেন আমাদের সেটা হলো- চারটার মধ্যে র‌্যালি শেষ করতে হবে। আমরা সাড়ে চারটার কথা বলেছি।

ইত্তেফাক/এমআই