রোহিঙ্গা সমস্যা নিয়ে সংসদ অধিবেশনে আলোচনার দাবি ওয়ার্কার্স পার্টির

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:১৯

রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংসদের আসন্ন চতুর্থ অধিবেশনে একটি দিন নির্দিষ্ট করে আলোচনা ও বিতর্কের দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। দলটির পলিটব্যুরো গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায়।

বিবৃতিতে দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, প্রত্যাবাসনকে কেন্দ্র করে রোহিঙ্গা শিবিরে কয়েক লাখ রোহিঙ্গার পরিকল্পিত ও সংগঠিত সমাবেশ ও তাদের দেয়া পাঁচ দফা পূরণ না হলে দেশে ফিরে না যাওয়ার ঘোষণা অশনিসংকেত।

বিবৃতিতে বলা হয়, এই সমাবেশের মূল ব্যক্তি বাংলাদেশের পাসপোর্টে মার্কিন দূতাবাসের উদ্যোগে প্রিয়া সাহার মতো একই সময়ে যুক্তরাষ্ট্র সফর করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাতে ইউএনএইচসিআর-এর সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। রোহিঙ্গা শিবিরে সম্প্রতি যে সমাবেশ হয় সেক্ষেত্রেও দেশি-বিদেশি এনজিওর প্রত্যক্ষ সহযোগিতার কথাও জানা যায়। পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন সরকার বিষয়টি জানতেন না। অথচ রোহিঙ্গা শিবিরে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তারা নিয়োজিত আছেন। তাছাড়া রোহিঙ্গাদের উক্ত সমাবেশের পূর্বানুমতি ছিল বলেও জানা যায়। জনমনে আশঙ্কা ও বিভ্রান্তি দূর করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলে, রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি অস্ত্রের বিস্তার ও সন্ত্রাসী তত্পরতায়ও স্থানীয়রা গভীরভাবে উদ্বিগ্ন।