চলমান স্বৈরশাসনকে অপসারণ করে গণতন্ত্র কায়েম করতে হবে

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২০

গণফোরাম নেতারা বলেছেন, দেশে চলমান স্বৈরশাসনকে অপসারণ করে গণতন্ত্র কায়েম করতে হবে। আইনের শাসন ও ভোটাধিকার কায়েমের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দলের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তারা একথা বলেন।

গণফোরামের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মহসীন রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—দলের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, সভাপতি পরিষদের সদস্য জগলুল হায়দার আফ্রিক, আ ম সা আ আমিন, মেসবাহউদ্দীন আহমেদ ও  জানে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ ও আমীন আহমেদ আফসারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন গণফোরাম নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং তাতে দলের সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্ব করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।