যুক্তরাষ্ট্রে মানব পাচারের অভিযোগ স্বীকার বাংলাদেশি নাগরিকের

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২৩

যুক্তরাষ্ট্রে বেশ কিছু বাংলাদেশিকে পাচারের কথা স্বীকার করেছেন বাংলাদেশের এক নাগরিক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস ফেডারেল আদালতে তিনি দোষ স্বীকার করেন বলে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ব্রেইটবার্টের খবরে জানানো হয়েছে। মোক্তার হোসেন নামের ঐ বাংলাদেশির মানব পাচার চক্র ১৮ থেকে ৩৫ বছর বয়সি বাংলাদেশিদের মধ্য আমেরিকা ও মেক্সিকোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করেছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক ডায়ানা সালদানার সামনে দোষ স্বীকার করে মোক্তার হোসেন। তিনি মেক্সিকোর মন্টেরেইতে বসবাস করেন। তিনি স্বীকার করেন যে, টেক্সাস সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে বাংলাদেশি অভিবাসীদের আশ্রয়ের ব্যবস্থা করতেন। মার্কিন বিচার বিভাগ এই অভিবাসী পাচারকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে মন্তব্য করেছে। খবরে বলা হয়, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত এই পাচারের ঘটনা ঘটে। ২০১৮ অর্থ বছরে প্রায় ৭০০ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে পাচারের চেষ্টা হয়। মানব পাচারের অপরাধে মোক্তার হোসেনের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।